আমদানির VAT ও অগ্রিম কর (AT) কি পণ্যের খরচের (COGS) হিসাবে ধরা যাবে?

পণ্য আমদানির সময় ব্যবসায়ীদের VAT ও AT (Advance TAX) দিতে হয়। এই VAT ও AT (অগ্রিম কর) পরবর্তীতে ব্যবসায়ীরা মাসিক VAT রিটার্নে রেয়াত বা সমন্বয় হিসেবে ফেরত নেয়। যেহেতু এটি পরবর্তীতে রিসিভেবল বা প্রাপ্য, তাই এটি পণ্যের প্রকৃত খরচ নয়। এই খরচ COGS (Cost of Goods Sold)-এ ধরলে এবং রিটার্নেও সমন্বয় করলে একই টাকার দ্বৈত সুবিধা নেয়া হয়ে যায়।
তাই আমদানির সময় দেয়া VAT এবং AT (অগ্রিম কর), পণ্যের প্রকৃত খরচের অংশ নয়।
আমদানির VAT ও AT কেন পণ্যের খরচ নয়?
আমদানির সময় ব্যবসা প্রতিষ্ঠান যে VAT পরিশোধ করে, সেটি পণ্যের চূড়ান্ত খরচ না। কারণ, পরবর্তীতে VAT রিটার্নের সময় সেই VAT শর্তসাপেক্ষে ‘উপকরণ কর রেয়াত’ (Input Tax Credit) হিসেবে দেখিয়ে ব্যবসার পরিশোধযোগ্য VAT কমানো যায়।
এ বিষয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১৫-তে আমদানি পর্যায়ে VAT আরোপের বিধান রয়েছে। একই আইনের ধারা ৪৬ নির্ধারিত শর্তে আমদানির VAT-এর ‘উপকরণ কর রেয়াত’ নেওয়ার সুযোগ দেয়।
অন্যদিকে, আমদানির সময় দেওয়া অগ্রিম কর (AT) সম্পর্কে একই আইনের ধারা ৩১-এ বিধান রয়েছে। নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে, এই AT পরবর্তীতে VAT রিটার্নে সমন্বয় করে পরিশোধযোগ্য VAT কমানো যায়। এই আইনের ধারা ৪৫-এ কর নির্ধারণের সময় এ ধরনের রেয়াত ও সমন্বয়ের বিধান রয়েছে।
সহজভাবে বললে, আমদানির সময় দেওয়া VAT এবং AT পরবর্তীতে সমন্বয় করা যায়, তাই সেই অর্থ ব্যবসায় প্রতিষ্ঠানকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের খরচ হিসেবে বহন করতে হয় না। তাই এটি পণ্যের প্রকৃত খরচ এর আওতায় পরে না।
তাহলে কোন শুল্ক পণ্যের খরচের হিসাবে যাবে?
যে শুল্ক বা কর পরবর্তীতে রেয়াত বা সমন্বয় করা যায় না যেমন- Customs Duty (CD) ও Regulatory Duty (RD) -এগুলো পণ্যের প্রকৃত খরচের অংশ।
IAS 2-এর অনুচ্ছেদ ১১-তেও বলা হয়েছে, পণ্য ক্রয়ের খরচ নির্ধারণের সময় আমদানি শুল্ক ও অন্যান্য কর বিবেচনায় নিতে হবে; তবে যে কর পরবর্তীতে কর কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত বা রেয়াত পাওয়া যায়, তা পণ্যের খরচের অংশ হবে না।
তাই আমদানির ক্ষেত্রে VAT, AT, CD, RD সহ প্রতিটি শুল্ক ও করের প্রকৃতি এবং তা রেয়াত বা সমন্বয়যোগ্য কি না—তা যাচাই করে হিসাব করা উচিত। এতে VAT রিটার্ন, আয়কর হিসাব ও আর্থিক বিবরণের মধ্যে সামঞ্জস্য থাকে এবং অপ্রয়োজনীয় কর-আপত্তির ঝুঁকিও কমে।
পোস্টটি সাধারণ তথ্যের জন্য, কোন আইনি পরামর্শ নয়।
Contributed by the Corporate Desk of EMA.LEGAL, a specialized business law firm in Dhaka
