Paid-Up Capital (পরিশোধিত মূলধন) কী, কেন প্রয়োজন এবং সময়মতো পরিশোধ না করলে কী হয়?

By Tarikul Islam16 Sept 2026Company Matters
Paid-Up Capital (পরিশোধিত মূলধন) কী, কেন প্রয়োজন এবং সময়মতো পরিশোধ না করলে কী হয়?

Paid-Up Capital কী?

Paid-Up Capital (পরিশোধিত মূলধন) হলো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের কাছ থেকে বাস্তবে পাওয়া অর্থ বা অনুমোদিত কোনো মূল্যমানের শেয়ারের অবদান।

উদাহরণস্বরূপ, একটি কোম্পানি যদি ১,০০,০০০ শেয়ার, যার প্রতিটি ১০ টাকা মূল্যে ইস্যু করে এবং শেয়ারহোল্ডাররা সম্পূর্ণ অর্থ পরিশোধ করেন, তাহলে Paid-Up Capital (পরিশোধিত মূলধন) হবে ১০ লক্ষ টাকা।

Authorized Capital, Subscribed Capital এবং Paid-Up Capital এক নয়। Authorized Capital হলো কোম্পানির অনুমোদিত সর্বোচ্চ শেয়ার মূলধন, আর Paid-Up Capital হলো শেয়ারহোল্ডারদের কাছ থেকে বাস্তবে পরিশোধিত মূলধন।

কেন Paid-Up Capital প্রয়োজন?

Paid-Up Capital (পরিশোধিত মূলধন) কোম্পানির আর্থিক কাঠামো, আইনগত নিয়ম পালন এবং কর-সংক্রান্ত বিধিবিধানের গুরুত্বপূর্ণ অংশ। এটি—

• নির্দিষ্ট কর সুবিধা পাওয়ার শর্ত পূরণে ভূমিকা রাখতে পারে;

• কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে প্রয়োজনীয় মূলধন জোগায়;

• কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করে;

• শেয়ারহোল্ডারদের প্রকৃত আর্থিক অংশগ্রহণ প্রকাশ করে;

• কোম্পানির হিসাব, শেয়ারহোল্ডারদের তথ্য এবং RJSC-সংক্রান্ত নথিপত্রের সঙ্গে সামঞ্জসতা তৈরি করে।

কখন, কিভাবে Paid-Up Capital পরিশোধ করা উচিত?

নিবন্ধন (Certificate of Incorporation) পাওয়ার পরপরই কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলে উদ্যোক্তাদের (Subscribers) নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেইড-আপ ক্যাপিটালের সমপরিমাণ টাকা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। RJSC থেকে নিবন্ধন পাওয়ার পর Paid-Up Capital জমার জন্য সুনির্দিষ্ট কোনো স্থায়ী দিন (যেমন ৩০ বা ৬০ দিন) বেঁধে দেওয়া হয়নি। তবে জটিলতা এড়াতে প্র্যাকটিক্যাল ও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যত দ্রুত সম্ভব (সাধারণত ৩০ থেকে ৯০ দিনের মধ্যে) সম্পন্ন করতেই হয়।

তবে, শতভাগ বা আংশিক বৈদেশিক মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে RJSC নিবন্ধনের আগেই প্রস্তাবিত কোম্পানির নামে একটি অস্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট খুলে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (যেমন: USD) রেমিট্যান্স হিসেবে জমা করতে হয়। ব্যাংকিং চ্যানেলে টাকা জমা হওয়ার পর ব্যাংক যে Encashment Certificate দেয়, সেটি জমা দিয়েই RJSC থেকে কোম্পানি নিবন্ধন সম্পন্ন করতে হয়।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, যেই অর্থ বছরে (Financial Year) কোম্পানি নিবন্ধিত হয়েছে, সেই অর্থ বছরের হিসাব চূড়ান্ত করার আগেই ব্যাংক স্টেটমেন্টে Paid-Up Capital জমা দেখাতেই হবে।

সময়মতো পরিশোধ না করলে কী অসুবিধা?

• Paid-Up Capital ব্যাংকিং চ্যানেলে না আসার কারণে কোম্পানি ২৫% বা ২২.৫% রেয়াতি কর্পোরেট ট্যাক্স হারের সুবিধা হারাবে এবং সর্বোচ্চ ২৭.৫% (বা প্রচলিত সর্বোচ্চ কর হার) হারে ট্যাক্স দিতে বাধ্য হবে। অ-পরিশোধিত অংশের ওপর অর্পিত করের অতিরিক্ত ১৫% থেকে ৫০% পর্যন্ত জরিমানা (Penalty) আরোপ করা যেতে পারে।

• ব্যালেন্স শিটে পরিশোধিত মূলধন জমা হয়েছে বলে ভুয়া বা অসত্য তথ্য প্রদান করলে বা ব্যাংক বিবরণীর বাইরে মূলধন দেখালে এটি "আয় গোপন" (Concealment of Income) বা ভুয়া অ্যাকাউন্টিং হিসেবে বিবেচিত হয়।

• কোম্পানির নথিপত্র ও RJSC-তে দাখিল করা তথ্যে অসামঞ্জস্য তৈরি হতে পারে;

এছাড়া, কোম্পানির Paid-Up Capital, Reserve এবং Accumulated Profit-এর ভিত্তিতে নির্দিষ্ট ক্ষেত্রে মোটরগাড়ি ক্রয়ের ওপর করগত সীমা প্রযোজ্য হতে পারে।

মূলকথাঃ

Paid-Up Capital শুধু কোম্পানির হিসাবের একটি সংখ্যা নয়।কত টাকা, কখন এবং কীভাবে পরিশোধ করা হচ্ছে এবং তার যথাযথ কাগজপত্র আছে কি না—সবই গুরুত্বপূর্ণ।

তাই Paid-Up Capital নির্ধারণ ও পরিশোধের আগে Companies Act, 1994, Income Tax Act, 2023, RJSC-এর প্রয়োজনীয়তা এবং প্রযোজ্য কর বিধি বিবেচনা করা উচিত।

Need help with this topic?

Our advocates and ITPs handle tax, VAT and company matters every day. Send your question and we will call you back.

Your details are confidential and will only be used to respond to your enquiry.

Related articles

কোম্পানি ক্রয় বা বিক্রয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত
Company Matters25 Jun 2026

কোম্পানি ক্রয় বা বিক্রয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত

কোম্পানি ক্রয় বা বিক্রয় একটি জটিল আর্থিক ও আইনি প্রক্রিয়া, যা শুধু মালিকানা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়।…

Talk to a lawyer about your tax or company matter