বিদেশি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশে বন্ধ করার নিয়ম: ৬ টি ধাপের এক্সিট চেকলিস্ট

By Sakib Dewan1 Nov 2026Company Matters
বিদেশি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশে বন্ধ করার নিয়ম: ৬ টি ধাপের এক্সিট চেকলিস্ট

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ বা অবসায়ন (Winding Up) করতে ইচ্ছুক বিদেশি বিনিয়োগকারীদের জন্য কোম্পানি আইন, আয়কর আইন ২০২৩ এবং ভ্যাট আইন অনুযায়ী সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। RJSC-তে রেজিস্টার করার পাশাপাশি কর ও ভ্যাটের দায় নিষ্পত্তি, কর্মচারীদের পাওনা পরিশোধ এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে মূলধন বিদেশে ফেরত নেওয়ার (Repatriation) মূল ৬টি ধাপ ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই নিবন্ধে।

ব্যবসায়িক কৌশল পরিবর্তন, গ্রুপ পুনর্গঠন বা বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তে বিদেশি বিনিয়োগকারীদের দেশে পরিচালিত কোম্পানি বন্ধ করার প্রয়োজন হতে পারে। Company Winding Up in Bangladesh প্রক্রিয়ায় শুধু RJSC-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেই হয় না; কর ও ভ্যাটের দায় নিষ্পত্তি, কর্মীদের পাওনা পরিশোধ এবং বিদেশে বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

কোম্পানি আইন, ১৯৯৪ (Companies Act, 1994) অনুযায়ী কোম্পানি বন্ধ করার জন্য নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে কোম্পানি বন্ধ করা এবং শেয়ার বিক্রি করে ব্যবসা থেকে প্রস্থান করা ভিন্ন বিষয়। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এ প্রক্রিয়ার ছয়টি গুরুত্বপূর্ণ ধাপ তুলে ধরা হলো।

বিদেশি মালিকানাধীন কোম্পানি বন্ধ করার ৬টি ধাপ

১. উপযুক্ত এক্সিট পদ্ধতি নির্বাচন

প্রথমে সিদ্ধান্ত নিন, কোম্পানি অবসায়ন  করবেন, নাকি অন্য বিনিয়োগকারীর কাছে শেয়ার হস্তান্তর করবেন। শেয়ার বিক্রির ক্ষেত্রে কোম্পানির আইনগত অস্তিত্ব বজায় থাকে। অন্যদিকে, কোম্পানির আর্থিক অবস্থা ও প্রযোজ্য আইনি শর্ত অনুযায়ী স্বেচ্ছায় বা আদালতের মাধ্যমে অবসায়নের প্রয়োজন হতে পারে। সচ্ছল কোম্পানির ক্ষেত্রে সদস্যদের স্বেচ্ছায় অবসায়নের পথ বিবেচনা করা যায়।

২. হিসাব হালনাগাদ ও সচ্ছলতা যাচাই

অবসায়নের আগে অডিটকৃত আর্থিক বিবরণী, সম্পদ, দায় এবং পাওনাদারদের হিসাব হালনাগাদ করুন। সদস্যদের স্বেচ্ছায় অবসায়নের ক্ষেত্রে পরিচালকদের সচ্ছলতার ঘোষণা (Declaration of Solvency) এবং সংশ্লিষ্ট নথিপত্রের প্রযোজ্যতা যাচাই করতে হবে। কোম্পানি সব দেনা পরিশোধে সক্ষম কি না, তা নির্ধারণের জন্য বাস্তবসম্মত আর্থিক তথ্য থাকা জরুরি।

৩. বোর্ড সভা, বিশেষ সিদ্ধান্ত ও অবসায়ক নিয়োগ

কোম্পানির প্রযোজ্য আইন ও নিয়ম অনুযায়ী সভা আহ্বান করে বিশেষ সিদ্ধান্ত (Special Resolution) গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে অবসায়ক (Liquidator) নিয়োগ করতে হবে। বিদেশি শেয়ারহোল্ডারদের পক্ষে কোনো প্রতিনিধি অংশগ্রহণ করলে, তার জন্য যথাযথভাবে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি বা প্রয়োজনীয় প্রতিনিধিত্বের নথি প্রস্তুত রাখতে হবে।

৪. RJSC-তে দলিল দাখিল ও নোটিশ প্রকাশ

Companies Act, 1994 অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত, অবসায়ক নিয়োগসংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য নির্ধারিত নথি RJSC-তে জমা দিতে হবে। পাশাপাশি, আইন অনুযায়ী প্রয়োজনীয় নোটিশ প্রদান ও বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম অনুসরণ করতে হবে। সব নথি জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট সময়সীমা ও প্রক্রিয়া যাচাই করা জরুরি।

৫. কর, ভ্যাট ও অন্যান্য দায় নিষ্পত্তি

আয়কর আইন, ২০২৩ (Income Tax Act, 2023) অনুযায়ী প্রয়োজনীয় আয়কর রিটার্ন জমা দিতে হবে এবং বকেয়া করসহ অন্যান্য দায় পরিশোধ করতে হবে। একইভাবে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (VAT and Supplementary Duty Act, 2012) অনুযায়ী ভ্যাট রিটার্ন জমা, বকেয়া ভ্যাট পরিশোধ এবং BIN বাতিলের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে কর্মীদের পাওনা ও চাকরি অবসানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সরবরাহকারীর দেনা, অফিস ভাড়া এবং অন্যান্য লাইসেন্সের বিষয়ও নিষ্পত্তি করা জরুরি।

৬. চূড়ান্ত হিসাব, বিলুপ্তি ও অর্থ প্রত্যাবাসন

কোম্পানির সব দেনা পরিশোধের পর অবসায়ক চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে হবে এবং প্রয়োজনীয় সভা ও RJSC-তে নথি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিদেশি শেয়ারহোল্ডারের প্রাপ্য অর্থ বিদেশে পাঠানোর জন্য অনুমোদিত ডিলার ব্যাংকের (AD Bank) মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (FEID)-এর প্রযোজ্য অনুমোদন নিতে হতে পারে। এ ক্ষেত্রে সাধারণত অডিটকৃত আর্থিক হিসাব, কর ছাড়পত্র, অবসায়কের প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে ।

গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে রাখবেন

  • অবসায়ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য কোম্পানি আইন, ১৯৯৪-এ বর্ণিত নির্দিষ্ট আইনি ধাপ ও নির্ধারিত সময়সীমা অনুসরণ করা আবশ্যক।

  • বকেয়া কর, বার্ষিক রিটার্ন জমা ও ভ্যাটের সমস্ত দায় যথাযথভাবে পরিশোধ করে আয়কর আইন, ২০২৩ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুসরণে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (Clearance Certificate) সংগ্রহ করতে হবে ।

  • অবসায়ন থেকে অর্জিত অর্থ বিদেশে ফেরত পাঠানোর জন্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর আলোকে অনুমোদিত ডিলার (AD) ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের যাবতীয় নথিপত্র ও অনুমোদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।

  • বিদেশে অবস্থানরত শেয়ারহোল্ডারের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ অনুযায়ী যথাযথভাবে ক্ষমতার দলিল প্রস্তুত ও কনস্যুলার সত্যায়ন করতে হবে।

  • বিদেশি কোনো প্রতিষ্ঠানের ব্রাঞ্চ বা লিয়াজোঁ অফিস বন্ধের প্রক্রিয়া সাধারণ দেশীয় কোম্পানির অবসায়ন থেকে ভিন্ন হওয়ায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দিষ্ট গাইডলাইন মেনে কার্যক্রম চালাতে হবে।

কোম্পানি বন্ধের পর করণীয়

ব্যাংক হিসাব বন্ধ করার পর ট্রেড লাইসেন্স, IRC/ERC এবং অন্যান্য প্রযোজ্য নিবন্ধন বাতিল করতে হবে। বিদেশি কর্মী থাকলে তাঁদের ওয়ার্ক পারমিটের বিষয়টিও নিষ্পত্তি করতে হবে। ব্রাঞ্চ অফিস বা লিয়াজোঁ অফিস বন্ধ করার ক্ষেত্রে আলাদা অনুমোদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হতে পারে। মনে রাখতে হবে, শুধু ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করলেই কোম্পানি আইনগতভাবে বিলুপ্ত হয় না।

বিদেশি মালিকানাধীন কোম্পানি বন্ধ করা এবং বিনিয়োগের অর্থ বিদেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া কোম্পানির ধরন, আর্থিক অবস্থা ও প্রযোজ্য আইনের ওপর নির্ভর করে।


এই নিবন্ধটি সাধারণ তথ্যের জন্য, কোনো আইনি মতামত নয়। আপনার পরিস্থিতিতে কোন আইন ও অনুমোদন প্রযোজ্য, তা জানতে EMA LEGAL-এর সঙ্গে যোগাযোগ করুন। 


Need help with this topic?

Our advocates and ITPs handle tax, VAT and company matters every day. Send your question and we will call you back.

Your details are confidential and will only be used to respond to your enquiry.

Related articles

কোম্পানি ক্রয় বা বিক্রয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত
Company Matters25 Jun 2026

কোম্পানি ক্রয় বা বিক্রয়ের আগে যে বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত

কোম্পানি ক্রয় বা বিক্রয় একটি জটিল আর্থিক ও আইনি প্রক্রিয়া, যা শুধু মালিকানা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়।…

Talk to a lawyer about your tax or company matter